৮ বছর পূর্তিতে ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস’ অনুষ্ঠিত

২১ মার্চ, ২০২৩ ১১:০০  

প্রতিষ্ঠার আট বছর পূর্তিতে ড্যাফোডিল কনকর্ড টাওয়ারের বিজয় অডিটোরিয়ামে হয়ে গেলো ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস ২০২৩’। দেশের আইটি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইশিখন.কমের আয়োজনে এই অনুষ্ঠানে শুক্রবার অংশ নিয়েছিলো দেশের শীর্ষ সব আইটি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষক ও সফল শিক্ষার্থীদের বেশ কয়েকজন।

অনুষ্ঠানে সারাদেশ থেকে ইশিখনের ৩০ জন সেরা শিক্ষক, ৬ জন সেরা কমকর্তা-কর্মচারি এবং শীর্ষ আয় করা ১৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে আসন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার টেস্টিং, ব্লক চেইন ডেভেলপমেন্ট এই ৩টি নতুন কোর্স ঘোষণা করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে উক্ত কোর্স সমূহে ১ম ১০জন পাবেন ১০০% স্কলারশীপের সুযোগ।

বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কালেরকণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। তিনি ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন। সেই সঙ্গে  ইশিখনের প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা ইব্রাহিম আকবরকে দেশকে এগিয়ে নিতে এ সাফল্য অব্যাহত রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট রেজওয়ানা খান বলেন, ইশিখন দেশের তরুণ তরুণীদের স্বল্প খরচে এবং কিছু ক্ষেত্রে ফ্রি কোর্স করিয়ে দক্ষ জনপদ তৈরির পাশাপাশি স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে।

ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবর বলেন, অনলাইন প্রশিক্ষণে আমরা সারাদেশ থেকে স্বনামধন্য সব শিক্ষকদের ইশিখনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। তাই সারাদেশে ইশিখনের শত শত শিক্ষক ছড়িয়ে আছেন, অনেকের সঙ্গেই আমাদের এর আগে সরাসরি দেখা হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং ইশিখনের কর্মীদের বন্ধন আরো সুদৃঢ় হল। আমরা যে দেশব্যাপী একটাই পরিবার, এখানে তারই প্রতিফলনের পুনরাবৃত্তি ঘটেছে।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম ফুয়াদ বলেন, গতানুগতিক শিক্ষা নিয়ে যেখানে একজন গড় মানের শিক্ষার্থী চাকরি যোগাতে হিমশিম খায় সেখানে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এথিকাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মত যে কোন বিষয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা দেশ বিদেশের প্রতিষ্ঠানে ফ্রীল্যান্সিং তথা সরাসরি কাজের সুযোগ অর্জন করতে পারে।

প্রসঙ্গত, ২০১২ সালে ইনফোনেট নামে বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু করে ইশিখন ডটকম। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সঙ্গে মিল রেখে ২০১৫ সালে ইশিখন ডটকম নামে আত্মপ্রকাশ ঘটে। ইশিখন ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও হচ্ছেন ইব্রাহিম আকবর, যিনি ছোট বেলা থেকেই ছিলেন প্রযুক্তিপ্রেমী, দূরদর্শী এবং কঠোর পরিশ্রমী। তার হাত ধরেই শুরু হয় ইশিখনের পথচলা এবং বর্তমানে ইশিখন হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং এন্ড আইটি ট্রেইনিং ইনস্টিটিউট।

যাদের বাসায় কম্পিউটার নেই, যারা ঢাকার বাহিরে থাকে তাদের জন্য ইশিখন দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে এজেন্ট সেন্টার। দেশব্যাপী ইশিখনের রয়েছে ১০০টির ও বেশি এজেন্ট সেন্টার। দেশের সকল প্রান্তে ইশিখনের এজেন্ট ছড়িয়ে পড়েছে এবং এই এজেন্ট সেন্টারগুলোতে এসে নামমাত্র মূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাচ্ছেন হাজারো শিক্ষার্থী।